এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

C.V. Ananda Bose
Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর পর্ব চলাকালীনই পশ্চিমবঙ্গে নিজের ভোটার কার্ড স্থানান্তরের আবেদন জানালেন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। বৃহস্পতিবার, এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিনেই তিনি লোক ভবন বা পূর্বতন রাজভবনে ১৬২-চৌরঙ্গি বিধানসভার বুথ লেভেল আধিকারিক এবং বিএলও সুপারভাইজারকে তলব করেন এবং ভোটার কার্ড স্থানান্তরের জন্য নির্দিষ্ট ৮ নম্বর ফর্ম পূরণ করেন। রাজ্যপাল জানান, পশ্চিমবঙ্গ ও বাংলার মানুষের প্রতি তাঁর একটি গভীর আবেগজনিত টান রয়েছে। এই রাজ্যের মনন, শিল্প–সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য, গৌরবময় ইতিহাস এবং ভবিষ্যতের সম্ভাবনার সঙ্গে তিনি আত্মিক সম্পর্ক অনুভব করেন বলেও মন্তব্য করেন তিনি। তবে আবেদন জমা পড়লেও রাজ্যপালের নাম এখনই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় উঠছে না। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কোনও রাজ্যের রাজ্যপাল ওই রাজ্যের প্রথম নাগরিক হিসেবে ইচ্ছা করলেই সে রাজ্যের ভোটার হতে পারেন। সাধারণ নিয়মে বিশেষ সুবিধাভোগীদের ক্ষেত্রে আবেদন জমা দিলেই শুনানি ছাড়াই নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকে। কিন্তু বর্তমানে চলতি এসআইআর পর্বের কারণে ভোটার তালিকা ‘লক’ অবস্থায় রয়েছে। ফলে এই মুহূর্তে তালিকায় কোনও নতুন নাম তোলা বা বাদ দেওয়া সম্ভব নয়। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*