রোজদিন ডেস্ক : যাবতীয় বিতর্ক সরিয়ে এবার সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হতে চলেছে এমনই দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। পূর্বতন উপাচার্যের ভুল থেকে শিক্ষা নিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী পৌষ মেলাকে বিতর্কমুক্ত রাখতে সচেষ্ট সব পক্ষ। আসন্ন পৌষ মেলা নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ, বিশ্বভারতীর উপাচার্য ডঃ প্রবীর কুমার ঘোষের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হল বৃহস্পতিবার। দীর্ঘ বৈঠকের পর উপাচার্য জানান, এবার থেকে প্রথম ১০০ শতাংশ স্টল বন্টনের ব্যবস্থা করা হয়েছে অনলাইনের মাধ্যমে। শেষবার এই স্টল বন্টন নিয়ে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ওঠায় এবার সর্বসম্মত ভাবে বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে কোনও ভাবেই অনলাইন ছাড়া স্টল বন্টন করা যাবেনা। বোলপুর পুুরসভা এই পৌষ মেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেলার মাঠ পরিষ্কার, পরিচ্ছন্নতার জন্য। পৌষ মেলায় আগত কয়েক লক্ষ পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বীরভূম জেলা পুলিশ দায়িত্ব পালন করেন। এবারেও মেলার ৬ দিন পুলিশ ক্যাম্প থাকবে মেলার মাঠে। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পরিষদ পৌষ মেলায় অঙ্গাঙ্গীভাবে জড়িত। আগামী সপ্তাহের প্রথম থেকেই স্থানীয় ব্যবসায়ীদের স্টল বন্টন শুরু করে দেওয়া হবে। ৭৫ শতাংশ স্থানীয় ব্যবসায়ীদের মেলার মাঠে জায়গা দেওয়া হবে, বাকি ২৫ শতাংশ প্রত্যেকের জন্য অনলাইনে আবেদন করার ব্যবস্থা করা হবে। এবারে স্টল বন্টনের ক্ষেত্রে কোনও নগদ লেনদেন হবে না। যদি কোনও ব্যবসায়ী স্টল নেবার পরে কোনও কারণে স্টল ফেরত দিয়ে দেন তাহলে তার জমা রাখা অর্থ একদিনের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে ফেরত দেওয়া হবে। এবারে স্টলের সংখ্যা বাড়লেও ভাড়া বাড়ানো হচ্ছে না। রাজ্যের মন্ত্রী ও শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান চন্দ্রনাথ সিনহা বলেন, অতীতের উপাচার্যের মতো এক ভুলের পুনরাবৃত্তি না করে অত্যন্ত সাবলীল এবং দক্ষতা এবং মেলা করার সদিচ্ছা নিয়ে বৈঠক করেছেন বর্তমান উপাচার্য। এদিনের বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন ও বীরভূমের পুলিশ সুপার আমনদীপ সিং।

Be the first to comment