রোজদিন ডেস্ক : ছাত্র নেতা ওসমান হাদি-র প্রয়াণে অগ্নিগর্ভ বাংলাদেশের খুলনায় খুন হলেন সাংবাদিকও। “বর্তমান সময় “নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ইমদাদুল হক মিলন (৪৫) একটি চা-এর দোকানে বসেছিলেন। মোটর সাইকেলে এসে দুষ্কৃতিরা সেখানে গুলি ছোঁড়ে। এতে পশু চিকিৎসক দেবাশিস বিশ্বাস আহত হন।আক্রমণকারীরা ইমদাদুল হক মিলনকে খুব কাছে থেকে গুলি করে উধাও হয়। তিনি স্থানীয় শালুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন বলে প্রকাশ।
ওই দিন রাতেই উত্তেজিত জনতা প্রথম আলো ও ডেলি স্টার-এর কার্যালয়ে আগুন দেয়। কর্মীরা কোন ক্রমে ছাদে উঠে নিজেদের প্রাণ বাঁচান। ধোঁয়ায় অনেকের দম বন্ধ হয়ে আসছিল। শ্বাস নিতে পারছিলেন না।
আজ আক্রান্ত “প্রথম আলো “-র সাংবাদিকরা এই সব ঘটনার প্রতিবাদে মানব বন্ধন করেন। নির্বাহী সম্পাদক সাজ্জাদ শ শরিফ ভারাক্রান্ত হৃদয়ে বলেন, ২৭ বছরে এই প্রথম তাঁদের কাগজ প্রকাশিত হয়নি।
পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল এই দুটি দৈনিকের কার্যালয়ে হামলা করেছে বলে তাঁদের অভিযোগ। প্রচন্ড নিরাপত্তাহীনতার মধ্যে তাঁরা আছেন বলে আক্ষেপ করেন তাঁরা। আগামী বছর বাংলাদেশের সংসদ নির্বাচন বানচাল করতে, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করাই এর উদ্দেশ্য বলে তাঁরা মনে করেন। কারা এই সব হিংসার নেপথ্যে আছে, তার তদন্ত করে শাস্তিরও দাবি করেছেন তাঁরা।
অন্যদিকে ছাত্র নেতা ওসমান হাদির কফিনবন্দি দেহ আজ বাংলাদেশে এসেছে। কঠোর নিরাপত্তার মধ্যে তা আসে। বাংলাদেশ সরকার এই তরুণ ছাত্র নেতার মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রিয় শোক পালনের ঘোষণা করেছে। আজও বিভিন্ন এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ, গোলমাল হয়।

Be the first to comment