রোজদিন ডেস্ক : উত্তর ভারতের আরাবল্লি পর্বতমালায় খনি-সহ খননের অনুমতি দেওয়া নিয়ে ক্রমেই তপ্ত হচ্ছে রাজনৈতিক বাতাবরণ। কেন্দ্রর দাবি, এই অঞ্চলের ৯০%-ই সুরক্ষিত থাকবে। যদিও বিরোধীরা তা মানতে নারাজ। বিজেপি শাসিত রাজস্থানে কংগ্রেস এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে। ওই রাজ্যের ১৯ টি জেলায় “আরাবল্লি বাঁচাও” আন্দোলনের ডাক দিয়েছে তারা। মঙ্গলবার দলের পক্ষে জানানো হয়, আরাবল্লিতে খনির অনুমতি দিতে একাধিক সংস্থার কাছে টাকা নেওয়া হয়েছে। বিকিয়ে দেওয়া হচ্ছে প্রকৃতি, প্রাকৃতিক সম্পদকে। দলের দুই নেতা গোবিন্দ সিং ডোটাসরা ও টিকারাম জুলির অভিযোগ, বড় পরিসরে খননের পথ সুগম করতে বিজেপি সরকার এই ষড়যন্ত্র করেছে।প্রশাসনের একাংশ ও খনি মাফিয়াদের মধ্যে অশুভ আঁতাত হয়েছে।
দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটের মধ্যে প্রায় ৬৯২ কিমি এলাকা জুড়ে বিস্তৃত এই পর্বতমালা কয়েকশো কোটি বছর ধরে উত্তর ভারতের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। পরিবেশবিদদের মতে, দিল্লির বায়ুদূষণ, থর মরুভূমি থেকে উড়ে আসা ধূলি, বালুকণা রুখে দেয় এই অনুচ্চ পর্বতমালা। এই ছাড়া, মাটির ক্ষয় রুখতে, বন্যপ্রাণীদের আশ্রয়, বনবাসীদের জ্বালানি কাঠ, নানা ভেষজ গাছেরও উৎস এই আরাবল্লি। এবার সেখানে
খনি মাফিয়াদের আনাগোনায় সব দিকেই ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বিরোধীদের এই সব অভিযোগ খারিজ করেছেন।
সংশ্লিষ্ট রাজ্যগুলির ফুসফুস বলে বিরোধীরা আরাবল্লিকে চিহ্নিত করে কেন্দ্রর সিদ্ধান্তর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন।

Be the first to comment