রোজদিন ডেস্ক : জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় টিএমসি নেতা-সহ দুজনের মৃত্যু নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তুমুল উত্তেজনা দেখা দেয়।
একই পিক আপ ভ্যানের ধাক্কায় দুই বাইক আরোহীর প্রাণ গেছে। নিহতদের মধ্যে টিএমসি নেতা উত্তম রায় (৩৭) আছেন। তাঁকে ধাক্কা দেওয়ার পর ওই ভ্যানটি আরও এক তরুণ মলিন রায়কেও ধাক্কা মারলে তিনিও প্রাণ হারান। কিছু সময়ের ব্যবধানে একই পিক আপ ভ্যানের ধাক্কায় দুজনের প্রাণ হারানোর ঘটনায় এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা ঘাতক পিক আপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।
জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকার পুর ও পানিকৌরি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গেলে জনতার সঙ্গে তাদের বচসা বাধে। ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন।
এলাকাবাসীর অভিযোগ, এক চা-বাগানের মালিক বেআইনিভাবে রাস্তার ধারে এক কিমি অবধি খুঁটি পুঁতে রাখায় ওখানে প্রায়শই দুর্ঘটনা হয়। প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। গতকাল সন্ধ্যায় পরপর দুই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁদের ক্ষোভের বারুদে আগুন দেয়। পূর্ত দফতরের জমিতে কিভাবে ব্যক্তিগত ভাবে খুঁটি পোঁতা হয়েছে তাঁরা জানতে চান। আজও এলাকা থমথমে বলে জানা গেছে।

Be the first to comment