রোজদিন ডেস্ক : অযোধ্যা পাহাড়ে এবার পর্যটকদের জন্য সেলফি পয়েন্ট উপহার দিল পুরুলিয়া বন বিভাগ। এর ফলে পর্যটকদের কাছে আরও বাড়ল অযোধ্যা পাহাড়ের আকর্ষণ। বৃহস্পতিবার বড়দিনেই বন বিভাগের উদ্যোগে অযোধ্যা পাহাড়ে ‘আই লাভ অযোধ্যা ফরেস্ট’ সেলফি পয়েন্টের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএফও সায়নী নন্দী-সহ বন দফতরের আধিকারিকরা। বন বিভাগের এই উদ্যোগে খুশি পর্যটকরা। তাঁরা বলছেন, অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এই সেলফি পয়েন্ট ঘোরার মজা আরও বাড়িয়ে দেবে। ডিএফও অঞ্জন গুহ বলেন, পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষা ও বনাঞ্চলের সুরক্ষা অত্যন্ত জরুরি। পর্যটকদের সহযোগিতায় আমরা চাই অযোধ্যা পাহাড় তার প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে আরও আকর্ষণীয় হয়ে উঠুক। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, পর্যটনের বিকাশের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণ সুরক্ষার দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সেলফি পয়েন্ট সেই সচেতনতারই একটি অংশ।

Be the first to comment