রোজদিন ডেস্ক : সাবেক মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়া, নব রূপে তা চালু করে রাজ্যের ওপর বাড়তি খরচের বোঝা চাপানো-সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে স্মারকলিপি দিলেন প্রদেশ কংগ্রেস নেতারা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থা, অত্যাচারের বিরুদ্ধে ও তাঁরা প্রতিবাদ জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চ্যাটার্জি প্রমুখ এই প্রতিনিধি দলে ছিলেন। দলীয় সূত্রে প্রকাশ, রাজ্যে সাবেক একশো দিনের প্রকল্পের কাজে কেন্দ্রর বঞ্চনারও প্রতিবাদ করেছেন তাঁরা।
সাবেক মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে নয়া যে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প কেন্দ্র এনেছে তার বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী আন্দোলনে নামবে জাতীয় কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের ও অভিযোগ, মোদি সরকার গরিব মানুষের কাজের অধিকার কেড়ে নিতে চলেছে। রাজ্যপালকে পেশ করা স্মারক লিপিতে এই সব কিছুই তাঁরা তুলে ধরেছেন।

Be the first to comment