রোজদিন ডেস্ক : আরাবল্লি পাহাড়ের খনন নিয়ে দেশ ব্যাপী চর্চার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করলো শীর্ষ আদালত। আগামী সোমবার এই সংক্রান্ত শুনানি হবে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে।
উল্লেখ্য, গতমাসে আরাবল্লি নিয়ে শীর্ষ আদালতের এক রায় নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু মন্ত্রকের প্রস্তাবিত সংজ্ঞায় মান্যতা দিয়েছিল শীর্ষ আদালত। যেখানে বলা হয়, ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটারের বেশি হলে সেই পাহাড়কে আরাবল্লির অংশ বলা যাবে। প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই-এর বেঞ্চ আরাবল্লি-র এই সংজ্ঞা নির্ধারণের রায় দেওয়ার পর উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। শীর্ষ আদালতের এই রায়ের ফলে আরাবল্লির ৯০% ই আর পরিবেশ সংরক্ষণের আওতায় থাকছে না। যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা। ইতিমধ্যে কংগ্রেস আরাবল্লি নিয়ে আন্দোলনে নেমেছে। রাজস্থান, দিল্লি, হরিয়ানা, গুজরাটেও ক্ষোভ ছড়িয়েছে। কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রী আরাবল্লির পরিবেশ সুরক্ষিত রাখার আশ্বাস দিলে ও পরিবেশবিদরা তা মানতে নারাজ। বহু খনি ওখানে ইজারা দেওয়ার অভিযোগও উঠেছে। এতে পরিবেশ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে বলে তাঁরা মনে করেন।
এই প্রেক্ষিতে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করায় পরিবেশের পক্ষে ফের সওয়ালের সুযোগ মেলার আশা করছেন বিভিন্ন মহল। দীর্ঘ দিন ধরে আরাবল্লি থর মরুভূমির ধূলি, বালুকণা প্রতিরোধ করে। দিল্লির বায়ুদূষণ কমাতেও সহায়তা করে। বহু ভেষজের আকর ও এই পাহাড়। তাকে রক্ষা করা প্রয়োজন বলে মনে করেন বন, পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন মহল।

Be the first to comment