রোজদিন ডেস্ক : চরম নির্মম ঘটনা। হাওড়ার জগাছা থানার হাটপুকুর এলাকা থেকে মিলল ৫টি কুকুর ছানার অগ্নিদগ্ধ দেহ। ওই কুকুর ছানাগুলোকে পুড়িয়ে মারা হয়েছে, এমনই অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশুপ্রেমী সংগঠন থেকে শুরু করে এলাকার মানুষ। শুক্রবার রাতে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে অগ্নিদগ্ধ কুকুরছানার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।শনিবার হাওড়ার সরকারি পশু হাসপাতালে দেহগুলির ময়নাতদন্ত করা হয়। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পশুপ্রেমী সংস্থার একজন বলছেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখি ৫টি কুকুরছানাকে নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়েছে। ছানাগুলোর বয়স এক থেকে দেড় মাসের মধ্যে। কুকুরছানাগুলিকে এমনভাবে আগুনে পুড়িয়ে মারা হয়েছে যে তাদের শরীরের কোনও অঙ্গই আর অবশিষ্ট নেই। আগুনের শিখা প্রায় দেড় তলা বাড়ির সমান উঁচু ছিল। কে বা কারা কী উদ্দেশ্যে নিরীহ এই কুকুরছানাগুলিকে পুড়িয়ে মারল তা বোঝা যাচ্ছে না। এলাকার বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে শুরু করেছে জগাছা থানার পুলিশ। যদিও কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

Be the first to comment