রোজদিন ডেস্ক : পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে টিএমসি বিধায়ক হুমায়ুন কবীরের পুত্র গোলাম নবি আজাদ-কে আটক করেছে পুলিশ। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে। ফুঁসে উঠেছেন হুমায়ুন কবীরও। এর প্রতিবাদে থানা ঘেরাও করে জেলা পুলিশকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
আজ আচমকাই হুমায়ুন কবীরের শক্তিপুরের বাড়িতে পুলিশ যায়। বিধায়ক তখন বাড়িতে ছিলেন না। তাঁর ছেলের বিরুদ্ধে পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। যা অস্বীকার করেছেন হুমায়ুন কবীর। সূত্রের খবর, বিধায়ক পিতার নিরাপত্তা রক্ষী জুম্মা খান-কে মারধরের অভিযোগ আছে আজাদের বিরুদ্ধে। তাঁকে ধরতে বিশাল পুলিশ বাহিনী হুমায়ুন কবীরের বাড়ি ঘিরে ফেলে। প্রথমে ঘরে লুকিয়ে ছিলেন তিনি। পরে তাঁকে পুলিশ আটক করে নিয়ে যায়।
এই ঘটনায় ক্ষুব্ধ হুমায়ুন কবীর বলেন, অভিযোগকারী জুম্মা খান ঘরে ঢুকে তাঁকে মারতে গেলে ছেলে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। এই বিষয়ে পুলিশ ব্যবস্থা নিলে তিনি বহরমপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। দাবি করেন, সিসিটিভি ক্যামেরায় সব ধরা আছে। পুলিশ সেই ফুটেজও নিয়েছে বলে প্রকাশ।
হুমায়ুন কবীর দলের বিরুদ্ধে বিদ্রোহ করলেও তাঁর ছেলে আজাদ তৃণমূলেই আছেন। তিনি বেলডাঙা ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।

Be the first to comment