যুবভারতী-কাণ্ড: ১৪ দিনের জেল হেফাজতে শতদ্রু দত্ত

Spread the love

রোজদিন ডেস্ক : যুবভারতী-কাণ্ডে মেসি শো-এর মূল আয়োজক শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ করল আদালত। রবিবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুর আদালত। এর আগে তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এদিন শুনানিতে আলিপুর আদালতে সরকারি আইনজীবী তাঁর সওয়ালে বলেন, যুবভারতীতে মেসিকে নিয়ে অনুষ্ঠানে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এখন তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রায় ৩৫ হাজার মানুষ টিকিট কেটেছিলেন। টিকিট বিক্রি থেকে ১৯ কোটি টাকা উঠেছিল। সেদিন স্টেডিয়ামে অশান্তি, বিশৃঙ্খলা ও ভাঙচুরে প্রায় ২ কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। শতদ্রুর জামিনের বিরোধিতা করে তিনি বলেন, শতদ্রু দত্ত প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে পালিয়ে যেতে পারেন। তাঁকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। পৃথিবী বিখ্যাত ফুটবলারের সঙ্গে ফ্লাইটে ওঠার মুহূর্তে তাকে ধরা হয়েছে। এত বড় ঘটনার পর তিনি শহর ছেড়ে চলে যাচ্ছিলেন। এই মামলার তদন্তে পুলিশ এখনও পর্যন্ত মোট ২১ জনের বয়ান রেকর্ড করেছে। শতদ্রু দত্তের আইনজীবী জামিনের সওয়াল করে বলেন, এটা পেশাদার সংস্থার অনুষ্ঠান। মূল উদ্দেশ্য বিশ্ব বিখ্যাত ফুটবলারকে সবার সামনে দেখানো। প্রশাসন-সহ সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে এক্ষেত্রে কাজ করা হয়েছিল।এই সংস্থা আগেও এই জাতীয় ইভেন্ট সফল ভাবে করেছে। তাঁর একাধিক শারীরিক সমস্যার কথাও তুলে ধরেন। কিন্তু তারপরও বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*