গত প্রায় এক দশকে দেশের নামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাড়ছে বিদেশি পড়ুয়াদের সংখ্যা

Spread the love

রোজদিন ডেস্ক : গত প্রায় সাড়ে ১১ এগারো বছরে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধিরা। নিট পরীক্ষা-সহ একাধিক কেলেঙ্কারি টেনে কেন্দ্রীয় সরকারের শিক্ষা ব্যবস্থা ও নীতিকে কাঠগড়ায় তুলেছে তাঁরা। কিন্তু বাস্তব ছবিটা অন্য কথা বলছে। সম্প্রতি নীতি আয়োগের এক রিপোর্ট বলছে, মোদি জমানায় বেশ কিছু দেশীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি পড়ুয়ার সংখ্যা বাড়ছে। ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির আন্তর্জাতিকীকরণ শীর্ষক ওই রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি। রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিদেশি পড়ুয়াদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। পরিসংখ্যান বলছে, ‘১২-১৩ থেকে ‘২১-২২ পর্যন্ত এই এক দশকে পশ্চিমবঙ্গে যেখানে আগে ৭৯০ জন বিদেশি পড়ুয়া এসেছিলেন, সেখানে সমীক্ষা পর্বে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৯৪৮জন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের পাশাপাশি রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ-সহ ১৬০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট তৈরি হয়েছে। সবচেয়ে বেশি বিদেশি পড়ুয়া এসেছে পাঞ্জাবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে। ওই রিপোর্ট বলছে, পাঞ্জাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যার হার বেড়েছে ৩০০ শতাংশ। ছিল ১ হাজার ৩৯৭। হয়েছে ৫ হাজার ৮৪৭। একই প্রবণতা দিল্লিতেও। সেখানে ১ হাজার ৮০৩ থেকে বিদেশি পড়ুয়ার সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৭২৭। অন্ধ্রপ্রদেশ, গুজরাত, ওড়িশা, হরিয়ানার ছবিটাও একইরকম। তবে কিছুটা হতাশাজনক ছবিও আছে।
গত এক দশকে তামিলনাড়ু ও কর্ণাটকের বিশ্ববিদ্যালয়গুলিতে কমেছে বিদেশি পড়ুয়ার সংখ্যা। ২০৪৭ সালের মধ্যে ভারতে কমপক্ষে ৩ লক্ষ ১৩ হাজার বিদেশি পড়ুয়া আনার টার্গেট নিয়েছে মোদি সরকার। এখন দেখার এই লক্ষ্যপূরণে কতদূর সাফল্য পায় কেন্দ্রীয় সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*