বিধানসভা ভোটের আগেই বাংলায় রাজ্যসভার পাঁচ আসনে ভোটের প্রস্তুতি শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : সামনেই বিধানসভা নির্বাচন। তার মধ্যে রাজ্য জুড়ে চলছে এসআইআর। এসবের মধ্যেই এবার বাংলায় রাজ্যসভার পাঁচ আসনে নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন, কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। ২ এপ্রিল ২০২৬, রাজ্যের পাঁচ রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। তাঁরা হলেন, তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মৌসম নূর, সাকেত গোখলে এবং সিপিআইএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
সংবিধান অনুযায়ী, কোনও রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট রাজ্যে নির্বাচন করানোটা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই পশ্চিমবঙ্গে এই পাঁচটি আসনে নির্বাচন করাতে হবে।কমিশন সূত্রে খবর, যদি ২ এপ্রিলের আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হয়, তবে মেয়াদ শেষের অন্তত ১৫ দিন আগে ভোটপ্রক্রিয়া শেষ করা বাধ্যতামূলক। সেই হিসেবে মার্চের মাঝামাঝির মধ্যেই নির্বাচন মিটিয়ে ফেলতে হবে। ফলে বিজ্ঞপ্তি জারি করতে হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যেই। অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার চাপের মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নতুন করে যুক্ত হচ্ছে রাজ্যসভা নির্বাচনের দায়িত্ব।পশ্চিমবঙ্গের পাশাপাশি একই সময়ে মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসম, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা এবং হিমাচল প্রদেশেও রাজ্যসভার নির্বাচন হবে। তবে প্রতিটি রাজ্যে পৃথক তারিখে নির্বাচন করার নির্দেশ দিয়েছে কমিশন। এখন তৃণমূল এবং বিজেপি কোন মুখকে সামনে আনে সেটা নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল তৈরি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*