রোজভ্যালির প্রতারিতদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : বেআইনি অর্থলগ্নিকারী সংস্থা রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া অবশেষে শুরু হয়েছে। রোজভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি বা এডিসি জানিয়েছে, ১২তম, ১৩তম এবং ১৪তম ধাপে মোট ২৯ কোটি ২৮ লক্ষ ৪৪ হাজার ৮৯৭ টাকা ফেরত দেওয়া হচ্ছে। ১৬ জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা আপাতত চলবে। এই তিন দফায় মোট ৭৩ হাজার ৬২৬টি দাবি পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৪২ হাজার ১৬৪টি দাবি সঠিক বলে যাচাই হওয়ায় সংশ্লিষ্ট আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। বাকি ৩১ হাজার ৪৬২টি দাবি অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হওয়ায় আপাতত বাদ পড়েছে।ত্রুটিপূর্ণ দাবিদারদের এসএমএস পাঠিয়ে সংশোধিত নথি পুনরায় আপলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে। সংশোধনের পর ওই দাবিগুলি পরবর্তী দফায় বিবেচিত হবে। কিছু দাবি অতিরিক্ত যাচাইয়ের জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ধাপে প্রতিটি ক্লেমের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার ২০০ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যাঁরা নির্ধারিত সময়সীমার মধ্যে নথি জমা দিয়েছিলেন এবং যাঁদের নথি যাচাই শেষ হয়েছে, তাঁরাই এই পর্যায়ে টাকা পাবেন। এদিকে রোজভ্যালি গোষ্ঠীর সম্পত্তি বিক্রির প্রক্রিয়াও হাইকোর্টের নজরদারিতে চলছে। এডিসি বলেছে, রোজভ্যালির সম্পত্তি বিক্রির একমাত্র বৈধ পদ্ধতি হল সেবির মাধ্যমে ই-অকশন। এ ছাড়া অন্য কোনও ব্যক্তি বা সংস্থাকে সম্পত্তি বিক্রির অধিকার দেওয়া হয়নি। এডিসির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি ডি কে শেঠ আমানতকারীদের সঠিক তথ্য ও নথি-সহ ক্লেইম জমা দেওয়ার আবেদন জানিয়েছেন, যাতে সর্বাধিক ও প্রকৃত বিনিয়োগকারীকে দ্রুত টাকা ফেরত দেওয়া সম্ভব হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*