রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই বাংলায় এসআইআর শেষ করা যাবে বলে রাজ্যের সিইও দফতর আশাবাদী। শুনানি পর্বে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত এসআইআর-এর কাজে বড় কোনও ব্যাঘাত সৃষ্টি হয়নি বলেই তাদের দাবি। কমিশনকে পাঠানো চলতি সপ্তাহের রিপোর্টে এসআইআর-শুনানি ঘিরে ঘটে যাওয়া সমস্ত গন্ডগোলের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরই রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কমিশন। সেখানে দীর্ঘ বৈঠকের পর আগামীদিনে কীভাবে রাজ্যে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে এসআইআর শেষ করা যাবে, তা নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে এসআইআরের পাশাপাশি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বুথের পরিকাঠামো এবং পরিচালন পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই প্রক্রিয়ার পরবর্তী ধাপে আজ মঙ্গলবার থেকে।রাজ্যের সিইও দফতরে শুরু হচ্ছে বিশেষ পর্যবেক্ষণ। সদ্য নিযুক্ত চারজন স্পেশাল রোল অবজার্ভারের নেতৃত্বে চলবে এই নজরদারি। তাঁদের সঙ্গে থাকবেন ৪০ জন মাইক্রো অবজার্ভার। এই পর্যবেক্ষণ পর্ব সরাসরি তদারকি করবেন সিইও মনোজ আগরওয়াল। রাজ্যে ভোটার তালিকা স্বচ্ছ ও নির্ভুল, এটা নিশ্চিত করতেই এই কড়া নজরদারি ব্যবস্থা বলেই দাবি করা হয়েছে।

Be the first to comment