রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় নিরাপত্তা চাইলে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানাতে হবে মুর্শিদাবাদের ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে তাঁর দায়ের করা মামলায় এমনই রায় কলকাতা হাইকোর্টের। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যে তাঁকেই নিরাপত্তার আর্জি জানিয়ে আবেদন করতে হবে। তাঁর প্রয়োজন বুঝে কেন্দ্রের সংশ্লিষ্ট দফতর জেড বা ওয়াই, যে ক্যাটাগরির নিরাপত্তার প্রয়োজন তা মঞ্জুর করবে। একই সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই নিরাপত্তারক্ষী এবং এই সংক্রান্ত খরচ হুমায়ুন কবীরকেই বহন করতে হবে। কিছুদিন আগে দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। অভিযোগ, তারপর থেকেই নাকি প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। এরপরই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিধায়ক।

Be the first to comment