রোজদিন ডেস্ক : আফগানিস্তানের কাবুলে চিনাদের পরিচালিত এক রেস্তোরাঁয় বিস্ফোরণে ৭ জন নিহত ও এক শিশু-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের একজন চিনা নাগরিক ও বাকিরা আফগান। সোমবার অত্যন্ত সুরক্ষিত এলাকায় এই বিস্ফোরণের ঘটনা নিয়ে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
ওই এলাকায় বহু সরকারি দফতর, দূতাবাস, শপিং কমপ্লেক্স আছে। যা অন্যতম সুরক্ষিত বলে মনে করা হয়। ইসলামিক স্টেটের আফগান শাখা এই বিস্ফোরণ ঘটায় বলে প্রকাশ। এক আত্মঘাতী বোমারুকে দিয়ে এই হামলা তারা করেছে বলে আইএসের দাবি।
সূত্রের খবর, রেস্তোরাঁটি আবদুল মজিদ নামের এক চিনা মুসলিম, তাঁর স্ত্রী ও এক অংশীদার মিলে চালান। মূলত কাবুলের চিনা মুসলিমরাই ওখানে আসতেন।
চিনে উইঘুরদের বিরুদ্ধে সরকারি দমন পীড়নের প্রতিবাদে আইএস এই বিস্ফোরণ ঘটায় বলে দাবি।
চিন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। পশ্চিমের দেশগুলি তাদের বিরুদ্ধে এই অপপ্রচার করছে বলে চিন পালটা দাবি করেছে।

Be the first to comment