রোজদিন ডেস্ক : ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে আরও ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ফলে মঙ্গলবার পর্যন্ত সবমিলিয়ে বেলডাঙ্গা-কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩৬। গত শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মর্শিদাবাদের বেলডাঙা। উত্তেজিত জনতা পথ ও ট্রেন অবরোধ করে। চলে নির্বিচারে ভাঙচুর, বাদ যায়নি আগুন। শুক্রবারের পর শনিবারও জারি ছিল হিংসাত্মক কার্যকলাপ। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ, ভাঙচুর থেকে সাংবাদিকদের মার, দিনভর চলে এই বিশৃঙ্খলা। অ্যাকশনে নেমে পুলিশ পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রনে আনে। গ্রেপ্তার করা হয় ঘটনার মাস্টার মাইন্ড মিম নেতা তথা বেলডাঙা ১ ব্লকের সভাপতি মতিউর রহমানকে। এই ঘটনায় এরই মধ্যে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আজ, মঙ্গলবার মামলার শুনানি হতে পারে। এসবের মাঝে বেলডাঙা কাণ্ডে সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার সুত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে আরও পাঁচজনকে। ধৃতদের নাম নূর আলম, রবিউল ইসলাম, নূর আলম মোল্লা, লাদিম শেখ ও তুফাইল শেখ। মঙ্গলবার দুপুরে ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয়েছে।

Be the first to comment