এসআইআর প্রক্রিয়ায় অবজার্ভারদের বিরুদ্ধে আইন ভাঙার একাধিক অভিযোগ, সিইসিকে ফের কড়া চিঠি তৃণমূলনেত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : মাইক্রো অবজার্ভার ও ভিনরাজ্য থেকে আসা পর্যবেক্ষকদের আইন বহির্ভূতভাবে ব্যবহার করে রাজ্যের এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ তুলে ফের নির্বাচন কমিশনকে কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এসআইআর নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনী আইনের বাইরে গিয়ে রাজ্যে এসআইআর পরিচালনা করা হচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামো, মানবাধিকার ও সাংবিধানিক নীতির পরিপন্থী। তাঁর আরও অভিযোগ, প্রথমবারের মতো নির্বাচনী ইতিহাসে পশ্চিমবঙ্গে প্রায় ৮,১০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে, যাঁদের ভূমিকা বা ক্ষমতা নির্বাচনী আইন অনুযায়ী নির্ধারিত নয়। তিনি প্রশ্ন তুলেছেন, এই মাইক্রো অবজার্ভারদের কোনও আইনি ভিত্তি ছাড়াই এক ধরনের কোয়াসি-জুডিশিয়াল কাজে যুক্ত করা হয়েছে।।চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, ত্রিপুরা ক্যাডারের চার আইএএসকে অবজার্ভার হিসেবে পাঠানো হয়েছে, যাঁরা নাকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেই কাজ করছেন এবং ইসিআই পোর্টালের নিয়ন্ত্রণ নিয়েছেন।এরা তথ্য বিকৃতির মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে প্রভাবিত করছেন বলেও অভিযোগ তুলেছেন তৃণমূলনেত্রী।।তাঁর বক্তব্য, নির্বাচনী তালিকা সংশোধনের ক্ষেত্রে ইআরও ও এইআরও-দের উপরেই আইন অনুযায়ী সমস্ত দায়িত্ব ন্যস্ত। কিন্তু মাইক্রো অবজার্ভারদের মাধ্যমে সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এই অবজার্ভাররা কি আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত, নাকি শুধুই তদারকির জন্য? তাঁর মতে, ইআরও ও এআরও-দের কার্যত অসহায় অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে এবং অ-আইনসম্মত হস্তক্ষেপে তাঁদের ভূমিকা খর্ব করা হচ্ছে।
চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এই প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে এবং ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু ঘটেছে। শেষে মুখ্যমন্ত্রী অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়ে বলেন, এই পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক কাঠামোর উপর মানুষের আস্থা নষ্ট করছে। মানুষের মর্যাদা ও অধিকার রক্ষার স্বার্থে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*