রাজ্যপালের ভাষণ নিয়ে শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত বিধানসভা

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যপালের ভাষণের উপর আলোচনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তুমুল বাকবিতণ্ডায় বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভার অধিবেশন। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির সংশোধিত সুপারিশ অনুযায়ী ৪০ মিনিটের আলোচনা ২০ মিনিট বিরোধী এবং ২০ মিনিট সরকার পক্ষের জন্য বরাদ্দ ছিল। যা নিয়ে বিরোধী বিজেপি সদস্যরা প্রতিবাদ জানান। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ রাজ্যের আইনশৃঙ্খলা, কর্মসংস্থান, নারী সুরক্ষা এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। এই সময় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এসআইআর সংক্রান্ত বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ওই অংশ রেকর্ডে রাখা যাবে না। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠে কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত বদলের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, সংসদীয় রীতিনীতি মেনে চলা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, রাজ্যপালের ভাষণে অবৈধ অনুপ্রবেশ, নারী সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উল্লেখ ছিল না। জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল তাঁর বক্তব্যে রাজ্যের উন্নয়নের কথা বলেছেন। সময়ের অভাবে পুরো বক্তব্য পড়া যায়নি। অনুপ্রবেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব সীমান্তরক্ষী বাহিনীর। রাজ্য প্রয়োজনীয় জমি দিয়েছে, তবে কাজ সম্পূর্ণ না হলে অতিরিক্ত জমি দেওয়া সম্ভব নয়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, রাজ্যের প্রাপ্য বিপুল অঙ্কের টাকা কেন্দ্র আটকে রেখেছে। জিএসটি-র অংশীদারিত্ব থেকে শুরু করে পরিকাঠামো, পানীয় জল, আবাসন-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্য নিজস্ব উদ্যোগে কাজ করছে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ক্ষেত্রেও কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তোলেন তিনি।

ফাইল চিত্র

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*