রোজদিন ডেস্ক : রাজ্য সরকারের কাছে শিক্ষার গুরুত্ব নেই বলে অভিযোগ করলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, শিক্ষা খাতে এবার মাত্র ৭৫.৮৭ কোটি কোটি বৃদ্ধি করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় কম। গত তিন বছরে রাজ্য প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণি অবধি পড়ুয়া সংখ্যা ৭ লক্ষ কমেছে বলে তিনি জানান। এর জন্য স্কুলের পরিকাঠামো, পড়ুয়া অনুপাতে শিক্ষক কম, মিড ডে মিলের মান অবনমন ইত্যাদি দায়ী। এবং এই সব কিছুর জন্য রাজ্য সরকারের দিকে তিনি অভিযোগের আঙুল তোলেন।
ক্ষুব্ধ আনন্দ হাণ্ডা বলেন, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার, দুর্গোৎসব, খেলা, মেলা ইত্যাদির বরাদ্দ বাড়ালেও স্কুলগুলির প্রাপ্য কম্পোজিট গ্রান্ট এর পুরো টাকা এখনও দেয়নি। ২০২৪-২৫ এ ৫০% এবং ২০২৫-২৬ এ ৭৫% টাকাই বাকি। এর ফলে স্কুলগুলির চক ডাস্টার কেনা, সংস্কার, রঙ করা ইত্যাদি সব কাজই দুরূহ হয়ে উঠেছে। তিনি অবিলম্বে রাজ্যকে স্কুলগুলির প্রাপ্য কম্পোজিট গ্রান্ট এর টাকা, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি ইত্যাদির জন্য আর্জি জানান।

Be the first to comment