রোজদিন ডেস্ক : চলতি বছর বাজেটেই বেকার ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। নাম দেওয়া হয়েছে যুবসাথী। কথা ছিল, আগামী ১৫ আগস্ট থেকে এই নয়া প্রকল্প চালু হবে। ২১ বছর থেকে ৪০ বছর বয়েসীরা মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন। এর জন্য মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। ভোটমুখি রাজ্যে এই প্রকল্প রূপায়ণেও আর দেরি করতে চায় না রাজ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই এই প্রকল্পে আবেদনপত্র নেওয়া শুরু হবে। চলবে ২৬ ফেব্রুয়ারি অবধি। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে এই ঘোষণা করেন। পাড়ায় পাড়ায় শিবির করে এই কাজ চলবে। ছুটির দিন ছাড়া সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি এই শিবির হবে। মুখ্যমন্ত্রী জানান, যেহেতু সময় কম, তাই অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া হবে না। এতে বাছাই পর্বে সময় লাগবে। এই ভাতা প্রাপকরা টানা পাঁচ বছর তা পাবেন।
এই ছাড়া ভূমিহীন খেতমজুরদের বছরে দুবার ২ হাজার টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা কবে দেওয়া হবে প্রশ্নে মুখ্যমন্ত্রী জানান, বিচারাধীন বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না।
আসন্ন রমজান, হোলি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এরপর পয়লা বৈশাখ, রামনবমী ইত্যাদি উৎসব আসছে, সব উৎসবই শান্তিপূর্ণভাবে পালন করা হবে। ভোটও হতে পারে বলে তিনি জানান।
লক্ষ্মীর ভান্ডার এর টাকাও চলতি মাস থেকেই দেওয়া শুরু হয়ে গেছে।

Be the first to comment