রোজদিন ডেস্ক : ৮৫ মিনিটের বাজেট বক্তৃতায় একবারও বাংলার নাম নেওয়া হয়নি। মঙ্গলবার এ কথা বলে কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোলেন তিনবার ট্যাক্সের প্রসঙ্গও। বুধবার ফের সেই তিন ট্যাক্সের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় বাজেট বক্ততার একটি ভিডিয়ো পোস্ট করে তিনি ডাবল ইঞ্জিন সরকার কীভাবে আমজনতাকে তিন ট্যাক্সের চক্রব্যুহে ফেলেছে তা আরও একবার বুঝিয়ে দেন তিনি। অভিষেক বলেন, অর্থমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে, ভারতের অর্থনীতি বর্ধনশীল। আর বাংলা ৬.৫ লক্ষ কোটি ট্যাক্স দেওয়ার পরও বাংলা বঞ্চিত। বলেন, নাগরিকরা মনে করেন তাঁরা একবার কর দিচ্ছেন, কিন্তু আসলে তিনবার দিচ্ছেন। প্রথমত বেতন থেকে কর দিতে হয়, দ্বিতীয় হল জিএসটি। বিস্কুট থেকে স্কুলের খাতা, হাসপাতালের খরচ থেকে সাবান, সর্বত্র পরোক্ষ কর দিতে হয়। তৃতীয়টি হল, মূল্যবৃদ্ধি। কোনও অনুমতি ছাড়াই সেটা বাড়ে। সেটা নিঃশব্দ ট্যাক্স। কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় তিনি বলেন, মধ্যবিত্তের ক্ষেত্রে বেতন একমাসও চলে না। একটা গাড়ি কেনার জন্য তিনবার কর দিতে হয়। একবার ইনকাম ট্যাক্স, একবার রোড ট্যাক্স, আর একবার টোল ট্যাক্স। এই ভাবে ট্যাক্স ব্যবস্থাকেও আক্রমণ করেন তিনি।

Be the first to comment