রোজদিন ডেস্ক : বিক্ষিপ্ত অশান্তির মধ্যে বাংলাদেশের নির্বাচন পর্ব অনুষ্ঠিত হচ্ছে। খুলনায় বুথে জামাত এর সঙ্গে বচসা, ধ্বস্তাধস্তির জেরে বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০) প্রাণ হারিয়েছেন। এই নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
আজ সকালে তিনি ভোট দিতে গিয়ে জামাত সমর্থকদের সঙ্গে বচসা, ধ্বস্তাধস্তি হয়। অভিযোগ, তাঁকে জামাত সমর্থকরা ধাক্কা দিয়ে ফেলে দিলে মাথায় আঘাত পেয়ে তিনি শেষ নিশ্বাস ফেলেন। অভিযুক্ত জামাত অবশ্য তা অস্বীকার করেছে।
এই ছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। সকালের দিকে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে অশান্তির খবর আসতে শুরু করে। ৩২,৭৮৯টি ভোট কেন্দ্রেই ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। গোপালগঞ্জে এক ভোট কেন্দ্রের কাছে বোমা ফেটে শিশু সহ তিন জন আহত হন।
সূত্রের খবর, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট চলছিল, এর মাঝে কয়েক জন দুষ্কৃতি ককটেল বোমা ছুঁড়ে গোলমাল পাকায়। এতে বাংলাদেশের আনসার বাহিনীর দুই সদস্য আহত হন। এক ভোটদাতার সঙ্গে আসা এক শিশু ও জখম হয়। উল্লেখ্য, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিল। যিনি ও যাঁর দলকে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ব্রাত্য করে রাখা হয়েছে। এক সময়ে আওয়ামী লিগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল।
একাধিক কেন্দ্রে পোলিং এজেন্টদের বসতে না দেওয়া, বার করে দেওয়ার অভিযোগও উঠেছে। ঢাকা নয় আসনের স্বতন্ত্র তরুণ প্রার্থী তাসনিম জারার অভিযোগ, বহু কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না।

Be the first to comment