রোজদিন ডেস্ক : কলকাতা পুরসভা এসপ্ল্যানেড রো ওয়েস্টের নাম পরিবর্তন করে প্রখ্যাত আইনজীবী ও ‘টোকিও ট্রায়াল’-এর বাঙালি বিচারপতি রাধাবিনোদ পালের নামে ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ করল। জাপানের প্রতি তাঁর অবদানের জন্য তিনি সেখানে অত্যন্ত সম্মানিত। তাঁর প্রপৌত্র সুধিবিনোদ পালের অনুরোধে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টোকিওতে রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভ পরিদর্শনের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
কলকাতা পুরসভার তরফে এই পরিবর্তনকে বাংলার এক উজ্জ্বল নক্ষত্রের প্রতি শ্রদ্ধা হিসেবে অভিহিত করা হয়েছে। ২০২৫ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি আইনজ্ঞ জাপানের ‘বাঙালি বন্ধু’ প্রয়াত রাধাবিনোদ পালের নামে এসপ্ল্যানেড ওয়েস্ট রাস্তার নাম জাস্টিস রাধা বিনোদ পাল সরণি করা হয়। ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে টোকিও সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে জাস্টিস পালের ছবিতে শ্রদ্ধা জানান। সেখানে দাঁড়িয়ে অভিষেক জানান, কলকাতার একটি রাস্তার নাম রাধাবিনোদ পালের নামে করা হবে। কলকাতা পুরসভার পাশাপাশি, ওই ঘোষণাতেও এবার সরকারিভাবে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।
এরপরেই তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখা হয়, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের এসপ্ল্যানেড রো (পশ্চিম) নাম পরিবর্তন করে বিচারপতি রাধাবিনোদ পাল সরণি রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে, যা বাংলার অন্যতম শ্রদ্ধেয় আইনজ্ঞকে সম্মান জানাচ্ছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের বাস্তবায়ন শুধু বাংলাকে গৌরবোজ্জ্বল করেছে তাই নয়, বাংলার মেধা-বাংলার গৌরবকে স্বীকৃতি দিয়েছে। একদিকে দিল্লির স্বৈরাচারীরা ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে; তখন বাংলা একমাত্র রাজ্য যেখানে ইতিহাসের মর্যাদা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখা হচ্ছে।

Be the first to comment