রোজদিন ডেস্ক : কর্ণাটকের বেঙ্গালুরু গ্রামীণ জেলায় আজ সকালে পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে সাত জন প্রাণ হারালেন। ভয়ংকর এই দুর্ঘটনা হয় হোসাকোট – দাবাসপেট হাইওয়েতে। দুটি এসইউভি, একটি ট্রাক ও একটি বাইকের পারস্পরিক সংঘর্ষে এই দুর্ঘটনা হয়।
সূত্রের খবর, ভয়ংকর এই দুর্ঘটনায় একটি এসইউভি-র ছয় জন আরোহী ও এক বাইক আরোহী প্রাণ হারিয়েছেন। এসইউভি-তে কলেজের পড়ুয়ারা বেড়াতে যাচ্ছিলেন। ১৭/১৮ বয়েসের পড়ুয়ারা ও বাইক আরোহীর এই মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
ভয়ংকর এই দুর্ঘটনায় ট্রাক চালক ও আর একটি এসইউভি-র চালক আহত হন। অন্য সাত জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। হাইওয়েতে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণদের রক্তাক্ত দেহ দেখে স্থানীয় মানুষ শিউরে ওঠেন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

Be the first to comment