রোজদিন ডেস্ক : শিলিগুড়ি থেকে গ্যাংটক ফেরার পথে তিস্তার খাদে গাড়ি পড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন দুই তরুণ, আহত আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাঁরা শিলিগুড়িতে এক বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। আজ ভোরে সিকিম ফেরার সময় জাতীয় সড়কে তাঁদের গাড়ি তিস্তার খাদে পড়ে যায়৷ স্থানীয় গাড়ি চালকদের অভিযোগ, জাতীয় সড়কে কোনও আলোর ব্যবস্থা নেই, খাদের দিকে নেই গার্ড ওয়ালও। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা তিস্তা নদীর গভীর খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্ভবত চালক ঘুমিয়ে পড়েছিলেন। নিহত ও আহতরা সকলেই সিকিমের বাসিন্দা। নিহতরা হলেন অনিকেত প্রসাদ গুপ্তা (২৮) ও আমন গুপ্তা (২৪)৷
আহত কুণাল গুপ্তা ও পবন কুমার প্রসাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই খবর পেয়ে শিলিগুড়িতে বিয়ে বাড়ির আনন্দ ম্লান হয়ে যায়। তাঁদের আত্মীয়রা জানান, বিয়ের অনুষ্ঠানের পর ওঁরা কখন বেরিয়েছেন তাঁরা জানেন না।

Be the first to comment