রাজ্যের ভোটার তালিকায় কোন গরমিল বরদাস্ত নয়, হুঁশিয়ারি নির্বাচন কমিশনের, তোপের মুখে একাধিক জেলাশাসক

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের ভোটার তালিকায় কোন গরমিল বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী পাঁচ বছর এসআইআরের নথি সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন তাঁরা। এই তালিকায় কোন ভুল থাকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানা যায়।আজ সব জেলাশাসকদের সঙ্গে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠকে এই সব জানিয়ে দেওয়া হয় বলে নির্বাচন দফতর সূত্রে জানা যায়৷ সূত্রের খবর, বৈঠকে বেশ কয়েকজন জেলাশাসককে নির্বাচন কমিশনের তোপের মুখেও পড়তে হয়। এর মধ্যে আছেন দক্ষিণ ২৪ পরগণা, মালদা, উত্তর ২৪ পরগণা, জলপাইগুড়ি, কোচবিহার প্রমুখ জেলাশাসকরা। এই ছাড়া পুর্ব বর্ধমানের জেলাশাসককে রাজনৈতিক মন্তব্য করতে বারণ করা হয়েছে।

বহুদিন ধরেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। ওখানে মাইক্রো পপর্যবেক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এই নিয়েও নির্বাচন কমিশন ক্ষুব্ধ বলে প্রকাশ। এই নিয়ে জেলাশাসকের কৈফিয়ত তলব করা হয়েছে।
ভার্চুয়াল এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-সহ নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন।
রাজ্যে এসআইআরের শুনানি শেষের পর নথি যাচাই এর কাজ চলছে। এই কাজ যত্নের সঙ্গে করার নির্দেশ দিয়েছে কমিশন। কোথাও কোন গাফিলতি, ত্রুটি যেন না থাকে তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সব রাজনৈতিক দলই নির্ভুল ভোটার তালিকার দাবি জানিয়েছে। বলা হয়েছে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। আজকের বৈঠকেও সেই বার্তা এসেছে বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*