রোজদিন ডেস্ক : ভারতের প্রতি বিশ্বব্যাপী আস্থা বাড়ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার দাবি করেন। বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, নির্ভরযোগ্য নীতির জন্য বিনিয়োগকারীরা এই দেশের ওপর আস্থা রাখছেন। একটি নামী সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে রবিবার ও লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী একাধিক প্রশ্নবাণে বিঁধেছেন প্রধানমন্ত্রীকে। সরাসরি তার উত্তর না দিলেও প্রধানমন্ত্রী দাবি করেছেন, দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিদেশি বাজার উন্মুক্ত করা হয়েছে, যাতে তাঁরা সহজেই বিশ্বব্যাপী নিজেদের পণ্য বিক্রি করতে পারে। বস্ত্র, চামড়া, হস্তশিল্প, রাসায়নিক, রত্ন পাথর ইত্যাদি ক্ষেত্র এতে উপকৃত হবে।
কংগ্রেস নেতৃত্বাধীন প্রাক্তন ইউপিএ সরকারের আমলে আর্থিক ব্যবস্থাপনা দুর্বল ছিল বলে জানান প্রধানমন্ত্রী। এর জন্য দেশ তখন নিজেদের যুক্তি জোরালোভাবে উপস্থাপিত করতে পারেনি। আলোচনা শুরু হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
দেশে আর্থিক সংস্কারে তাঁরা দায়বদ্ধ বলে তিনি জানান। কংগ্রেস সহ বিরোধীদের বিরোধিতা, সমালোচনা উপেক্ষা করে তিনি জানিয়ে দেন, দেশের আর্থিক অগ্রগতির পরবর্তী পর্যায়ে বেসরকারি ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁদের সরকারের বাজেটের তিনি প্রশংসা করে বলেন, এটি দেশের প্রস্তুতি ও উৎসাহের প্রতীক।

Be the first to comment