রোজদিন ডেস্ক : মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস দিল্লির এআই সম্মেলনে বক্তব্য রাখবেন না। গেটস ফাউন্ডেশনের পক্ষে আজ জানানো হয়, তাদের প্রতিনিধি হিসাবে আজ বক্তব্য রাখবেন ভারত ও আফ্রিকা শাখার সভাপতি অঙ্কুর ভোরা।
সমাজ মাধ্যমে সংস্থার পক্ষে বলা হয়, অনেক চিন্তা ভাবনার পরও এ আই সম্মেলনের মূল বিষয়গুলিতে যাতে সবার মনোযোগ থাকে তা নিশ্চিত করতে বিল গেটস ভাষণ দেবেন না।
সংস্থার এই বক্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে ওঠে। কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের ফাইলে নাম জড়ানোই এর নেপথ্যে আছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এ আই সম্মেলনে বিল গেটস ভাষণ দেবেন কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা চলে। আজ তাঁর সংস্থার বক্তব্যে তা পরিস্কার হয়ে যায়।
যদিও বিল গেটসের বক্তব্য এই গুরুত্বপূর্ণ সম্মেলনের অন্যতম মূল আকর্ষণ ছিল বলে অনেকে মনে করেন। গত সোমবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে ২০টির বেশি দেশের রাষ্ট্র প্রধান, ১০০ জন সিইও এবং প্রতিষ্ঠাতা সহ ৫০০ জনের বেশি এআই বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। এই সম্মেলন ঘিরে রাজধানী দিল্লিতে উৎসাহ, উদ্দীপনা দেখা গেছে।

Be the first to comment