রোজদিন ডেস্ক : গুয়াহাটি উচ্চ আদালত ঘৃণা ভাষণের অভিযোগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ পাঠালো। বৃহস্পতিবার প্রধান বিচারপতি আশুতোষ কুমার ও বিচারপতি অরুণ দেব চৌধুরী এই বিষয়ে মুখ্যমন্ত্রী, অসম সরকার ও কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন।
“মিয়া” দের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ঘৃণা ভাষণ নিয়ে উচ্চ আদালতে আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ। অসমে বাংলাভাষী মুসলমানদের মিয়া বলা হয়।
সম্প্রতি বিজেপির সমাজ মাধ্যমে এআই নির্মিত মুখ্যমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বন্দুকধারী মুখ্যমন্ত্রীকে মুসলমানদের নিশানা করতে দেখা গেছে। সমাজমাধ্যমে এর বিরূপ প্রতিক্রিয়া আসতেই তড়িঘড়ি পোস্টটি সরিয়ে ফেলা হয়। এই ঘৃণা ভাষণ বন্ধ করার জন্যও উচ্চ আদালতে আবেদন জমা পড়ে।
অসমের নামী লেখক হীরেন গোঁহাই, কংগ্রেস ও সিপিআইএম এই আবেদন করেন। এর আগে শীর্ষ আদালত এই বিষয়ে আবেদনকারীদের উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেয়।
বৃহস্পতিবার উচ্চ আদালতে বিষয়টি উঠলে বিচারপতিরা তা খতিয়ে দেখবেন বলে জানান। ২১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।

Be the first to comment