রোজদিন ডেস্ক : হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানায় প্রকাশ্যে এক প্রোমোটারকে খুনে এখনও অধরা দুই মৃল অভিযুক্ত। তবে শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করল পুলিশ। আগেই ধৃত মহম্মদ ওয়াকিলের বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশ হেফাজতে থাকা ধৃত তিনজনকে জেরা করে জানা গিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি প্রোমোটার শফিককে গুলি করে খুনের পর মূল হারুন খান এবং রোহিত হোসেন আশ্রয় নেয় বউবাজারে মহম্মদ ওয়াকিলের বাড়িতে। তারা ওয়াকিলের বাড়িতে ওই দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখে। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও এখনও অধরা দুই মূল অভিযুক্ত হারুন এবং রোহিত। পুলিশের অনুমান, তারা অন্য রাজ্যে চম্পট দিয়েছে। এদিকে, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মহম্মদ আসলাম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আসলাম মেটিয়াবুরুজে হারুন ও রোহিতকে আশ্রয় দিয়েছিল বলেই অভিযোগ।

Be the first to comment