রমিত সরকার, কৃষ্ণগঞ্জ :
পরিযায়ী প্রেমিককে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক তরুণী আইটিআই ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত একটি এলাকায়। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতার নাম প্রিয়া দাস (২০)। তিনি কল্যাণী আইটিআই কলেজের ছাত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অনেকক্ষণ ধরেই প্রিয়ার ঘরের দরজা বন্ধ ছিল। পরিবারের লোকজন বারবার ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তাতে সন্দেহ হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। ঘরে ঢুকেই তারা দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন প্রিয়া। একইসঙ্গে বিছানার উপর পড়ে ছিল তাঁর মোবাইল ফোন।
পরিবারের সদস্যরা তড়িঘড়ি প্রিয়াকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি, শনিবার রাতেও প্রিয়া নিজের ঘরেই ছিলেন এবং তখন তাকে দেখে কোনও অস্বাভাবিকতা বোঝা যায়নি। কিন্তু হঠাৎ করেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে যায়।
মৃতার পরিবারের অভিযোগ, প্রিয়ার মৃত্যুর আগে পর্যন্ত তাঁর মোবাইল ফোনে প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিল। জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জ এলাকারই এক যুবকের সঙ্গে কিছুদিন ধরে প্রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবক বর্তমানে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন।
পরিবারের অভিযোগ, সম্পর্কের সময় কোনও এক সময়ে গোপনে প্রিয়ার কিছু ছবি ও ভিডিও সংগ্রহ করে ওই যুবক। পরে সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রিয়াকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। এই ঘটনায় প্রিয়া চরম মানসিক চাপে ভুগছিলেন বলেও দাবি পরিবারের।
পরিবারের ধারণা, সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই প্রিয়া এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
ঘটনার খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment