শুভব্রত ঘোষের মৃত্যুর ঘটনায় কৃষ্ণনগরে মৌন মিছিল, বিচারের দাবিতে পথে এলাকাবাসী

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর: সাম্প্রতিক এক ঘটনায় কুড়ি বছরের যুবক শুভব্রত ঘোষের মৃত্যুকে ঘিরে কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে রবিবার বিকেলে আয়োজিত হয় এক মৌন মিছিল।

স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বিকেল ছ’টা নাগাদ কৃষ্ণনগর চার্চের সামনে থেকে মিছিলটি শুরু হয়। সেখান থেকে মিছিলটি কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে দিয়ে ঘুরে আবার চার্চের সামনেই এসে শেষ হয়।

মিছিলে বাঘাডাঙ্গা এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। নীরব প্রতিবাদের মধ্য দিয়ে তারা শুভব্রত ঘোষের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। অনেকের হাতে ছিল পোস্টার ও ব্যানার, যেখানে ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন বার্তা লেখা ছিল।

মিছিলে অংশ নেওয়া স্থানীয়দের বক্তব্য, একজন তরুণের এমন অকাল মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। প্রশাসনের কাছে তাদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

এলাকাবাসীদের কথায়, শুভব্রত ঘোষের পরিবারের পাশে দাঁড়াতেই এবং এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তারা এই মৌন মিছিলের আয়োজন করেছেন। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*