রোজদিন ডেস্ক : রাষ্ট্রপতির শিলিগুড়ি সফর ঘিরে বিতর্কর জবাব দিলো নবান্ন।গত শনিবার আন্তর্জাতিক সাঁওতাল পর্ষদের অনুষ্ঠানে যোগ দিতে এসে তাঁর অনুষ্ঠান স্থল পরিবর্তন-সহ বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যা নিয়ে রাজ্য সহ জাতীয় রাজনীতিতেও তোলপাড় ওঠে।
খোদ প্রধানমন্ত্রী -সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা, মুখ্যমন্ত্রীরা আসরে নামেন। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এই নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করে। সূত্রের খবর, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে রিপোর্ট পাঠিয়েছেন।
এই রিপোর্টে রাষ্ট্রপতির সফর ঘিরে সব বিতর্কর বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেন মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে যাননি (যা নিয়ে রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করেছিলেন), কেনই বা তাঁর অনুষ্ঠানের জায়গা বদল করা হয়েছিল, তার সব কারণ, নথি-সহ জানানো হয়েছে।
রাজ্যের দাবি, এই সফরে সব কিছু প্রটোকল মেনে ই করা হয়েছে, এতে বিতর্কর কোন অবকাশ আছে বলে তাঁরা মনে করেন না।
এর আগে এসআইআর নিয়ে ধরনা মঞ্চে, সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী নিজেও এর ব্যাখ্যা দিয়েছিলেন। এবার রিপোর্টের আকারে রাজ্যের বক্তব্য ও জানিয়ে দেওয়া হোল।
এবার কেন্দ্র এই নিয়ে কোন পদক্ষেপ নেয় কিনা সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

Be the first to comment