রোজদিন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। আর পাল্লা দিয়ে ভারতে পড়ছে টাকার দাম। সাম্প্রতিক কালে দামে নিম্নগতিতে একের পর রেকর্ড গড়েছে টাকা। সোমবারও সেই ধারা অব্যাহত রেখে পড়ল টাকার দাম। বিশ্বব্যাপী ক্রুড অয়েলের দাম বাড়ায় এক ধাক্কায় সর্বকালের রেকর্ড ছুঁয়ে পড়ল টাকার দাম! সোমবার সকালে লেনদেনের শুরুতে এক ইউএস ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.৩০ টাকা। এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ। বিশেষজ্ঞদের দাবি, বিশ্বব্যাপী সংঘাতের পরিস্থিতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিদেশী বিনিয়োগকারীদের বাজার থেকে অর্থ তুলে নেওয়ার মতো কারণগুলির জেরে শেয়ার বাজারে যেমন রক্তক্ষরণ চলেছে, একই ভারে পড়ছে ভারতের টাকাও। এর আগে গত ৪ মার্চ প্রথমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় টাকার দাম ৭০ পয়সা বেড়ে ৯২ টাকার গণ্ডি ছাপিয়ে যায়। মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৯২.১৭ টাকা। এবার তা সর্বকালের রেকর্ড ছুঁয়ে হল ৯২.৩০ টাকা। যুদ্ধ যদি অব্যাহত থাকে এবং অপরিশোধিত তেলের বৃদ্ধি পেতে থাকে, তবে টাকার আরও পতন হতে পারে, ধারণা বিশেষজ্ঞদের।

Be the first to comment