রোজদিন ডেস্ক : ইরান-সহ মধ্য প্রাচ্যের যুদ্ধজনিত পরিস্থিতিতে সব পক্ষকে সংযম রক্ষার আবেদন জানালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আজ সংসদের সম্প্রসারিত বাজেট অধিবেশনের প্রথম দিনেই এই বিষয়ে বিবৃতি দেন তিনি। বিরোধী পক্ষের ধ্বনির মধ্যেই তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিস্থিতির ওপর নজর রাখছেন। দেশের নাগরিকদের সুরক্ষা নিয়ে তাঁরা সদাসতর্ক।
মধ্য প্রাচ্যের পরিস্থিতি নিয়ে তাঁরা যে উদ্বিগ্ন তা জানান বিদেশ মন্ত্রী। গত কয়েকমাস ধরেই তাঁরা এর ওপর নজর রাখছেন। পশ্চিম এশিয়ায় যে কোন অস্থিরতা ভারতের পক্ষে পরিস্থিতি কঠিন করে। ওই এলাকায় এক কোটি ভারতীয় বাস করেন। এই ছাড়া দেশের তেল, গ্যাস, জ্বালানি ইত্যাদি সব ক্ষেত্রেই মধ্য প্রাচ্যের বিশেষ ভূমিকা আছে বলে জানান।
অতীতেও এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় ভারত দক্ষতার পরিচয় দিয়েছে। সংঘাতের অবসান করে আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনতে তাঁরা সচেষ্ট।
এই সব নিয়ে আজ প্রথমে রাজ্যসভা ও পরে লোকসভায় বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। বিরোধী সাংসদরা রাজ্যসভায় তাঁর বক্তব্য রাখার সময় সভাকক্ষ ত্যাগ করেন।
গত কয়েকমাস ধরেই পশ্চিম এশিয়ার পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে জানিয়ে জয়শঙ্কর বলেন, ওখানকার বিভিন্ন দূতাবাস ভারতীয়দের সহায়তা করছে। ইতিমধ্যে ৬৭ হাজার অনাবাসী ফিরেও এসেছেন।
বিদেশ মন্ত্রী আরও বলেন, মধ্য প্রাচ্যের দেশগুলির সঙ্গে তাঁরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রী কাতার, জর্ডন, কুয়েত, বাহরিন, সৌদি আরব ইত্যাদি দেশের প্রধানদের সঙ্গে কথা বলেছেন।এই ছাড়া আমেরিকা, ইরানের সঙ্গে কুটনৈতিক ভাবে কথা হয়েছে। তিনি ও ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
মধ্য প্রাচ্যের পরিস্থিতি নিয়ে তাঁদের উদ্বেগ ব্যক্ত করলেও দেশের মানুষদের জন্য তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

Be the first to comment