রোজদিন ডেস্ক : ভোটমুখি রাজ্যে শিক্ষা, কয়লা ইত্যাদি দুর্নীতির অভিযোগ নিয়ে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চলতি মাসেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ও তাঁর বান্ধবী অর্পিতা চ্যাটার্জিকে তলব করেছিল ইডি, এবার প্রাক্তন শিক্ষা সচিব মণীশ জৈন, প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ইডি তলব করেছে বলে জানা গেছে।
এর আগেও শিক্ষা দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা সচিব মণীশ জৈন-কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি, আগামী সপ্তাহে ফের তাঁকে ইডি দফতরে যেতে বলা হয়েছে।
শিক্ষা দুর্নীতি মামলাতেও দীর্ঘদিন কারাবন্দি ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ, এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়ও তাঁকে তলব করলো ইডি।
সূত্রের খবর, এই মামলায় আরও কয়েক জন প্রভাবশালীর ভূমিকা নিয়েও ইডি তদন্ত করছে।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ও তাঁর বান্ধবী অর্পিতা চ্যাটার্জিকে যথাক্রমে আগামী ১৬ ও ১৮ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা নিয়ে ক্ষুব্ধ শাসক দল। প্রতিবারই নির্বাচনের আগে সরকার ও দলকে হেনস্থা করার উদ্দেশ্যেই এই সক্রিয়তা বলে তাঁরা মনে করেন।

Be the first to comment