রোজদিন ডেস্ক :
দীর্ঘ ছয় মাস কারাবন্দি থাকার পর লাদাখের পরিবেশবিদ সোনম ওয়াংচুক মুক্তি পাচ্ছেন। তাঁর বিরুদ্ধে আনা জাতীয় নিরাপত্তা আইন প্রত্যাহার করলো কেন্দ্র। বিশিষ্ট পরিবেশবিদ সোনম ওয়াংচুকের মুক্তির খবরে লাদাখ সহ সারা দেশের বিভিন্ন মহলে খুশির হাওয়া।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে তাঁকে এনএসএ আইনে গ্রেফতার করে যোধপুর কারাগারে আটক করে রাখা হয়। যা নিয়ে সারা দেশ, বিদেশেও প্রতিবাদের ঝড় ওঠে।
কেন তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) আটক করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীও। দেশ বিদেশের বহু সমাজকর্মী তাঁর মুক্তির দাবিতে সোচ্চার হন। তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো শীর্ষ আদালতের দ্বারস্থ হন। এই নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে।
সূত্রের খবর, শনিবার কেন্দ্রীয় সরকার তাঁর বিরুদ্ধে এনএসএ আইনে আনা অভিযোগ প্রত্যাহার করে নিলে তাঁর মুক্তির পথ প্রশস্ত হয়।
লাদাখে অশান্তি সৃষ্টি, আরব বসন্তের ধাঁচে আন্দোলনের ডাক দেওয়া ইত্যাদি অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল।
গত ২৬ সেপ্টেম্বর থেকে তিনি কারাবন্দি।
আগামী ১৭ মার্চ শীর্ষ আদালতে বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি পি বি ভারালের বেঞ্চে সোনম ওয়াংচুকের মামলার শুনানি আছে।
এর আগে কেন্দ্র তাঁর বিরুদ্ধে এনএসএ তুলে নেওয়ায় তাঁর পরিবার, অনুরাগী মহলে স্বস্তি এসেছে।

Be the first to comment