রোজদিন ডেস্ক : ব্রিগেডমুখী বিজেপি গুণ্ডাদের হামলায় রক্তাক্ত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। বাড়ির সামনে ‘বয়কট বিজেপি’ ব্যানার ছেঁড়া থেকে ঘটনার সূত্রপাত। শুধু তাই নয়, এলাকায় পরিস্থিতি সামলাতে দুষ্কৃতীদের পাথরের ঘায়ে আহত হয়েছেন বৌবাজার ও বড়তলা থানার ওসি। এছাড়াও আরও চার পুলিশকর্মী আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে। এমতাবস্থায় এই ঘৃণ্য ঘটনায় এক্স হ্যান্ডেলে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”আমাদের মাননীয় মন্ত্রী শশী পাঁজার ওপর এই জঘন্য, কাপুরুষোচিত আক্রমণের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তাঁর বাসভবনে ভাঙচুর চালানো হয়েছে এবং সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। আমাদের দলের কর্মী ও সমর্থকদের নির্মমভাবে আঘাত করা হয়েছে। এমনকি তাঁর দিকে পাথর ও ইট ছুড়ে মারা হয়েছে, যার ফলে তিনি আহত হয়েছেন। শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মদত পেয়ে বিজেপির গুন্ডারা দিনের আলোয় এক ক্যাবিনেট মন্ত্রীর ওপর হামলা চালিয়েছে। এটি শুধুমাত্র একজন নারীর ওপর আক্রমণ নয়; এটি বাংলার প্রতিটি নারীর ওপর আক্রমণ। বাংলা এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছে। ২০১৯ সালে অমিত শাহের মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙচুর ও অবমাননা করা হয়েছিল।”
এরপর তিনি বিজেপিকে নিশানা করে লেখেন, ”এটাই বিজেপির সংস্কৃতি। এই ‘বহিরাগত’ বিজেপি জমিদাররা তাদের ‘উস্কানিমূলক’ রাজনীতি বাংলায় চালু করতে চায়। বাংলার শান্তি নষ্ট করতে চায়। চারদিকে তারা ভীতি ছড়াতে চায়। এর জন্য তাঁদের ক্ষমা করা হবে না, আর এই কথা ভোলাও হবে না। বাংলা বিজেপির ‘গেরুয়া গুন্ডামি’ বরদাস্ত করবে না।”

Be the first to comment