চাষিদের স্বার্থে আলুর সহায়ক মূল্য বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আলুর দাম নিয়ে চাষিদের উদ্বেগের মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে আলু সংগ্রহের উদ্যোগ জারি রাখার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সামাজিক মাধ্যমে তিনি জানান, আলু চাষিদের লাভজনক দাম নিশ্চিত করতে অন্যান্য বছরের মতো এবারও রাজ্য সরকার ‘আলু সংগ্রহ’ প্রকল্প চালু রেখেছে।


রাজ্যের বিভিন্ন জেলায় আলু চাষিদের অভিযোগ, বাজারে আলুর দাম বস্তা (৫০ কেজি) প্রতি ২০০ থেকে ২২০ টাকার বেশি উঠছে না। ফলে উৎপাদন খরচ তুলতে সমস্যায় পড়ছেন অনেক চাষি। এই পরিস্থিতিতেই চাষিদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, আলুর ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বাড়িয়ে কুইন্টাল প্রতি ৯৫০ টাকা করা হয়েছে।
এক্স হ্যান্ডলেের ওই পোস্টে মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের সমবায় দফতরের হিমঘর-সহ প্রায় সমস্ত হিমঘর এই প্রকল্পে অংশ নিচ্ছে। ছোট আলু চাষিদের সুবিধার জন্য হিমঘরগুলিতে ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত রাখা হয়েছে।
এদিকে চাষিদের একাংশের অভিযোগ ছিল, ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে নানা বাধা তৈরি হচ্ছে। সেই প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আন্তঃরাজ্য বাণিজ্যে কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের মানুষের চাহিদা পূরণ করে অন্য রাজ্যে আলু রফতানি করতে চাইলে সরকার তাতে বাধা দেবে না।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, বাংলার কৃষকের স্বার্থরক্ষায় রাজ্য সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*