রোজদিন ডেস্ক : ভবানীপুরের এক বেসরকারি চিকিৎসা শিবিরে সরকারি চিকিৎসকদের পাঠানোর নজিরবিহীন নির্দেশ নিয়ে চাঞ্চল্য ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের আর্জি মেনে স্বাস্থ্য দফতর এই ক্যাম্পে সরকারি চিকিৎসকদের পাঠানোর নির্দেশ দেয়। ভবানীপুরের “অভিষেক” নামের এই সরকার বর্হিভূত সংস্থায় (এনজিও) প্রতিবন্ধী শিশুদের চিহ্নিতকরণ ও শংসাপত্র দেওয়ার জন্য পাঠানো হচ্ছে। সূত্রের খবর, এই শিবিরে যাওয়ার জন্য শুক্রবার পনের জন চিকিৎসকের নাম ঠিক করা হয়েছে। তাঁদের সঙ্গে তিন জন কর্মীকেও পাঠানোর সিদ্ধান্ত হয়।
রীতি অনুযায়ী সরকারি চিকিৎসকরা কোনও এনজিও বা বেসরকারি সংস্থার চিকিৎসা শিবিরে সরকারিভাবে যান না। এই ক্ষেত্রে এত জন সরকারি চিকিৎসককে এই শিবিরে পাঠানো নিয়ে চিকিৎসক মহলে চাঞ্চল্য ও বিস্ময় দেখা দিয়েছে।
সরকারি চিকিৎসকদের সংগঠন এইচএএসডি-র প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. মানস গুমটা বলেন, রক্তদান শিবিরে যোগ দেওয়ার সঙ্গে এই ধরনের শিবিরে যাওয়ার কোন তুলনাই হয় না। এই নজির তৈরি হলে ভবিষ্যতে একাধিক বেসরকারি সংগঠন , ক্লাব ইত্যাদিও তাদের অনুষ্ঠানে সরকারি চিকিৎসক পাঠানোর দাবি করতে পারে। তখনও কি স্বাস্থ্য ভবনের কর্তারা একই সিদ্ধান্ত নেবেন বলে তিনি প্রশ্ন তোলেন।
এই ঘটনায় সরকারি চিকিৎসকদের একাংশ ক্ষুব্ধ বলে জানা যায়। এমনিতেই হাসপাতালে কর্মরত সরকারি চিকিৎসকদের কাজের প্রচুর চাপ। এর ওপর যদি এনজিও তেও তাঁদের যেতে হয়, তবে সাধারণ রোগীদের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও থেকে যায়।

Be the first to comment