মহিলা বিদ্বেষী বিজেপি, রাতারাতি বাঙালি মহিলা মুখ্যসচিবকে সরিয়ে দিল : মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্যরাতে  প্রথম বাঙালি মহিলা মুখ্যসচিবকে সরিয়ে দিয়েছে কমিশন। এই নিয়ে সোমবার প্রতিবাদ মিছিল শেষে বিজেপি ও নির্বাচন কমিশনকে ‘ছুপারুস্তম’ বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো তাণ্ডব করছে। ধর্মতলায় মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, গত রাতে কী করলেন? বাঙালি মহিলা চিফ সেক্রেটারি, ওঁকে বদলে দিয়েছেন। ওঁরা অ্যান্টি উইম্যান। ওরা মহিলাবিদ্বেষী। এ যেন মগের মুলুক। একজন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন। একবারও রাজ্যকে জিজ্ঞাসা করলেন না! রাত একটায় মেসেজ পেলাম। আগে নিয়ম ছিল রাজ্য সরকারের কাছে লিস্ট চাইতেন। আমরা তিনটে করে নাম পাঠাতাম। ওরা সিলেক্ট করত। এ তো মগের মুলুক। কেন চেঞ্জ করলেন সিপিকে? হামলা করবেন যাতে ধরতে না পারেন সে জন্য? আমরাও নজর রাখব। পুলিশকে থ্রেট করে লাভ নেই। ওরা চাকরি করে। চাকরিটা আপনারা দেননি। ওরা নিজেদের যোগ্যতায় পেয়েছে। এক মাসের জন্য বদলে আবার বলছে পরে দেখে নেবে। ডিজি কে ছিলেন? পীযূষ পাণ্ডে। তিনিও এক কথায় বাদ। আপনারা শুধু বাঙালি নয়, অবাঙালিদেরও বাদ দিচ্ছেন। তার মানে নন বেঙ্গলি এফিশিয়েন্টদেরও বাদ দিয়েছেন। আসলে বিজেপির কথায় কারা কাজ করবে দেখে দেখে চয়েস করছেন। বিনাশকালে বুদ্ধিনাশ। যাঁকেই পাঠান, তাঁরা আমাদের হয়ে কাজ করবেন। মানুষের হয়ে কাজ করবেন। আমরা মাছের কাঁটা বাছি, আপনারা রাজনীতির উকুন বাছেন। সব চেঞ্জ করে দিন, তারপরেও বাংলার সরকার বদলাবে না, লিখে নিন। এরা সব জমিদারর। প্রধানমন্ত্রী মিটিংয়ে বলছেন, চুন চুনকে মারেঙ্গে। আমি ওনাকে বলি দেশকে কী ভাবে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না।

এরপরেই ব্রিগেডের আগে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার প্রসঙ্গে বলেন, ব্রিগেডে মিটিং করার আগে আপনারা কী করলেন? শশী পাঁজার বাড়িতে হামলা করলেন? লজ্জা থাকা দরকার। মন্ত্রী শশী পাঁজার বাড়িও আক্রান্ত হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আক্রান্ত হবে। কালীঘাট আক্রান্ত হবে। আমার ওপরও আক্রমণ হতে পারে। আমি যদি আক্রান্ত হই, তাহলে প্রধানমন্ত্রীই তার জন্য দায়ী থাকবেন। চারদিকে গুন্ডা লেলিয়ে দেবে। আমরা বলি, বুকের পাটা থাকলে দেখি। লড়ে নেবো। আমরা ঘাসকে জন্ম দিই। ঘাসে মুখ দিয়ে চলি না। আমরা হামলার বদলে হামলা করব না। তবে আমরা আর সহ্য করব না। আগে বলেছি, বদলা নয় বদল চাই। এবার বলছি, বিজেপি হটাও। আজ মিছিলে প্রমাণ হয়ে গিয়েছে, যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। বাংলার মানুষ শান্তিতে থাকুক। বাংলার ভোটটা শান্তিপূর্ণ ভাবে করে দিন। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। এর পরে দিল্লিটা আমরা বুঝে নেব।

এর আগে রবিবার মধ্যরাতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেয় কমিশন। এরপর সোমবার ডিজিপি, সিপি-সহ আরও কয়েকজনকে বদল করে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*