রোজদিন ডেস্ক : এখনও এক বছরও হয়নি, ছোট্ট তমান্না তাঁর কোল খালি করে চলে গেছে। নিজের চোখের সামনে বোমায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছোট্ট মেয়ের রক্তাক্ত শরীর দেখে ছেন। গত বছর দুষ্কৃতিদের বোমার আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারানো তমান্নার শোকাতুর মা সাবিনা ইয়াসমিনকে এবার কালিগঞ্জে বিধানসভা নির্বাচনে প্রার্থী করলো সিপিএম। আজ বামফ্রন্ট সভাপতি বিমান বসু এই তালিকা ঘোষণা করেন।
গত বছর এই কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রর উপ নির্বাচনেই দলীয় প্রার্থীর জয়ে উল্লসিত হয়ে তমান্নার সিপিএম সমর্থক পরিবারকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। নয় বছর বয়েসের ছোট্ট তমান্না তখন উঠোনে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল। বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার ছোট্ট দেহ। মায়ের চোখের সামনেই চলে যায় না ফেরার দেশে। অভিযোগের আঙুল টিএমসি-র সমর্থকদের দিকে।
সেই থেকে ছোট্ট মেয়ের এই নির্মম৷ হত্যার বিচার চেয়ে সব জায়গায় দরবার করছেন মা সাবিনা ইয়াসমিন। এখনও অধরা বহু জনই।
মর্মান্তিক এই ঘটনায় স্তম্ভিত হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
এই রাজ্যের সীমানা ছাড়িয়ে ছোট্ট তমান্নার নৃশংস হত্যার ঘটনা সারা দেশের মানুষের বিবেককে আঘাত করেছিল।
পরিযায়ী শ্রমিক বাবা, গৃহবধূ মায়ের একমাত্র সন্তানের এই নির্মম হত্যায় স্তম্ভিত হয়েছিল এই রাজ্য, দেশও।
দরিদ্র ঘরের এই লড়াকু সাবিনা ইয়াসমিনকে এবার কালিগঞ্জের প্রার্থী করেছে সিপিএম।
নিঃসন্দেহে যা বড় চমক বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment