রোজদিন ডেস্ক :
রাজ্যে সরকার বদলের পক্ষে তিনি। চান তৃণমূল আমলের অরাজক পরিস্থিতি এবার শেষ হোক। আসুক নতুন সরকার। তবে রাজ্যে দলের পরিস্থিতি নিয়ে খুব বেশি আশাবাদী না হলেও এবার নিজের খাস তালুক বহরমপুরে প্রার্থী হতে আপত্তি নেই তাঁর। বরং উৎসাহীই। তিনি বহরমপুরের প্রাক্তন সাংসদ, দাপুটে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ২০২৪ সালের আগে বহরমপুরের পরপর পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীকে হারাতে কার্যত বদ্ধপরিকর ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের বাইরে থেকে নামী খেলোয়াড় ইউসুফ পাঠানকে এনে এই কেন্দ্রে প্রার্থী করেছিলেন তিনি। তীব্র ধর্মীয় অঙ্কে হারতে হয়েছিল বহরমপুরের ভূমিপুত্র অধীর চৌধুরীকে। যে ইউসুফ পাঠানকে এলাকায় কবে, কখন দেখা গেছে, তা মনে করতে পারেন না বহরমপুরবাসী। অধীর চৌধুরী কিন্তু আছেন তাঁদের পাশে। জেলার পরিযায়ী শ্রমিকদের আপদে বিপদে তিনিই বড় সহায়।
সম্প্রতি নিজের সাবেক বাড়িতে থাকতে আসা প্রাক্তন সাংসদকে নিয়ে গুঞ্জন উঠেছে, এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি! এই নিয়ে হ্যাঁ বা না কিছুই বলেননি অধীর চৌধুরী। বরাবর দলের একনিষ্ঠ সৈনিক তিনি। এখনও তাই আছেন, থাকবেনও। সূত্রের খবর, এবার দল তাঁকে বহরমপুর থেকে প্রার্থী করতে চায়। এতে আপত্তির কিছু নেই তাঁর। পরন্তু, মাটি কামড়ে পড়ে থেকে জনসংযোগেই জোর দিচ্ছেন এলাকার “রবীনহুড” বলে পরিচিত দাপুটে এই নেতা।

Be the first to comment