রোজদিন ডেস্ক :
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে দেখে মহিলাদের অস্বস্তি হয় বলে মন্তব্য করলেন বিজেপির তারকা সাংসদ কঙ্গনা রানাওয়াত। তাঁর কথায়, রাহুল গুন্ডাদের মত আচরণ করেন, ওঁর ব্যবহার ভাল নয়। মহিলাদের সম্মান করেন না। তবে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীর ঢালাও প্রশংসা করেন তিনি। বলেন, উনি অত্যন্ত ভদ্র, মার্জিত ব্যবহার করেন। বোনের থেকে রাহুল গান্ধীর তা শেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সংসদে এখন অধিবেশন চলছে। এই সময় রাহুল গান্ধী কে নিয়ে কঙ্গনার এই বিষোদগার ভাল ভাবে নিচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ।
শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কঙ্গনার এই মন্তব্য র তীব্র বিরোধিতা করেছেন। বলেন, রাজনৈতিক বিভেদ থাকতেই পারে। কিন্তু রাহুলজি কে এই সব বলা একদমই ঠিক না। উনি মহিলা দের যে ভাবে সম্মান করেন, তাঁদের উন্নয়নের কথা ভাবেন, তিনি নিজে তা দেখেছেন।
যাঁর পরিবারের কর্তৃত্বে সব সময় মহিলারাই ছিলেন, তাঁকে নিয়ে এই সব বলা হাস্যকর বলে তিনি মন্তব্য করেন।
বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে কঙ্গনা রানাওয়াত ইতিমধ্যেই নাম কিনেছেন। রাজনীতির অঙ্গনে এসে তাঁর নানাবিধ মন্তব্য অনেক সময় দলের ও অস্বস্তির কারণ হয়েছে। এর আগে ও রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। এবার ফের তাঁর কটু মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Be the first to comment