রোজদিন ডেস্ক : অনেক বৈঠকের পরও বিবেচনাধীন ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবারও প্রকাশ করা সম্ভব হল না। কমিশন সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে সোমবার বিকেলে প্রথম তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। তারপর থেকে প্রতি শুক্রবার ধারাবাহিক ভাবে তালিকা প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যেই রাজ্যের মোট প্রায় ৮০ হাজার ৬৮১টি বুথের মধ্যে ৪০ হাজার বুথের জন্য সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। তালিকা প্রকাশের পর তা সংশ্লিষ্ট বুথে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত মোট ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ২৭ লক্ষ ২৩ হাজারের নিষ্পত্তি হয়েছে। বাকিদের যাচাই প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে। এদিকে, মানিকতলায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। নিরাপত্তার দিকেও জোরদার প্রস্তুতি নিচ্ছে কমিশন। ৩১ মার্চের মধ্যে আরও ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসবে। সব মিলিয়ে, ভোটের আগে একদিকে প্রশাসনিক ও অন্যদিকে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন।

Be the first to comment