রোজদিন ডেস্ক : ঘরে ঢুকে ঘুমন্ত দুই ছেলে ও স্ত্রীকে এলোপাথাড়ি কাটারির কোপ। এরপর ঘটনাস্থলেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই যুবক, তার স্ত্রী ও বড় ছেলের। গুরুতর জখম ছোট ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার বাণীতলায়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রদীপ মুখোপাধ্যায় (৪৪)। স্ত্রী, দুই ছেলে ও মাকে নিয়ে থাকতেন প্রদীপ। বেশ কিছুদিন ধরে কোনও কারণে তাঁদের সাংসারিক বিবাদ চলছিল। আগের দিন সকালে স্ত্রী ও ছেলেদের সঙ্গে প্রদীপের ঝগড়া, বিবাদ হয়। রাতে তার স্ত্রী অপর্না মুখোপাধ্যায় (৩৮) বড় ছেলে প্রণব (১৪) ও ছোট ছেলে আবির (১০)কে নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, সেই সময় প্রদীপ ঘরের মধ্যে ঢুকে ঘুমন্ত স্ত্রী ও বড় ছেলে প্রণবের ওপর কাটারি নিয়ে হামলা করে। কাটারি দিয়ে তাদের এলোপাথাড়ি কোপাতে থাকেন। ছোট ছেলে ছুটে পালাতে গেলে তার দিকেও কাটারি ছুঁড়ে মারে প্রদীপ। স্ত্রী ও বড় ছেলেকে এলোপাথাড়ি কোপানোর পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রদীপ। খবর পেয়েই ঘটনাস্থলে আসে যায় পুলিশ। অপর্ণা ও প্রণবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে মৃত্যু হয় প্রদীপেরও। প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে আটক করে জেরা করছে পুলিশ।

Be the first to comment