রোজদিন ডেস্ক : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটের মধ্যে আটকে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন জনৈক বিজয় কুমার সিংঘল। হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। চলতি সপ্তাহেই প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, কয়েকদিন আগে আরজি কর হাসপাতালে লিফটে আটকে এক রোগীর পরিবারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালের রক্ষণাবেক্ষণ এবং নজরদারি নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। মামলাকারীর দাবি, সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয় এবং এর নেপথ্যে কাদের গাফিলতি, তা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনার সময় লিফটটি কেন বিকল ছিল এবং কেন দ্রুত উদ্ধারকার্য চালানো সম্ভব হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পিটিশনে। তবে এই মামলার সবথেকে উল্লেখযোগ্য দিক হল কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। আরজি করের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা ওই সময় ঠিক কী করছিলেন, কেন তাঁদের নজরদারি এড়িয়ে এমন ঘটনা ঘটল, তা নিয়ে জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে। লিফট দুর্ঘটনায় যাঁর প্রাণ গিয়েছিল তাঁর নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। এই মৃত্যুর পর অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। যেমন, বেসমেন্ট থেকে কীভাবে লিফট আবার চালু হল, কে বা কারা করল এই কাজ, তা নিয়ে ধন্দে পরিবার। গোটা ঘটনায় অভিযোগ লিফটম্যানদের দিকেই। শনিবার পাঁচ অভিযুক্তকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছো শিয়ালদহ আদালত।

Be the first to comment