নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর:
গাছের গায়ে পেরেক ঠুকে পোস্টার বা বিজ্ঞাপন লাগানো—এই চেনা দৃশ্যের বিরুদ্ধেই সরব হলেন একদল সচেতন যুবক। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাথনা স্টেশন, ঘোড়ালিয়া ও ফুলিয়া সহ একাধিক এলাকায় তারা শুরু করেছেন এক অভিনব উদ্যোগ—গাছের গায়ে লাগানো পেরেক-সহ পোস্টার খুলে ফেলা এবং মানুষকে সচেতন করা।

প্রায় দু’মাস আগে শুরু হওয়া এই কর্মসূচিতে যুক্ত রয়েছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত প্রায় দশজন যুবক। নিজেদের ব্যস্ততার মাঝেই সপ্তাহে এক-দু’দিন সময় বের করে তারা এলাকায় ঘুরে ঘুরে গাছ থেকে পোস্টার ও বিজ্ঞাপন সরিয়ে দিচ্ছেন। তাদের মূল বার্তা—“গাছে পেরেক নয়”, কারণ এতে গাছের মারাত্মক ক্ষতি হয়।
উদ্যোগে সামিল যুবকদের কথায়, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। কিন্তু পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, সংক্রমণের আশঙ্কা বাড়ে এবং দীর্ঘমেয়াদে গাছ দুর্বল হয়ে পড়ে। এই ক্ষতিকর অভ্যাস বন্ধ করতেই তারা একদিকে সরাসরি পদক্ষেপ নিচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন।

এদিকে সামনে বিধানসভা নির্বাচন থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও পোস্টার গাছে পেরেক দিয়ে লাগানোর প্রবণতা বেড়েছে। এই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ওই যুবকেরা। তাদের বক্তব্য, প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে গাছের গুরুত্ব বোঝানোর চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের পরিবেশবিরোধী কাজ বন্ধ হয়।

স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, ছোট থেকে শুরু হওয়া এই প্রচেষ্টা বৃহত্তর পরিবেশ রক্ষার আন্দোলনে রূপ নিতে পারে। যদিও অধিকাংশ যুবকের বাড়ি ফুলিয়া এলাকায়, তবুও তাদের এই উদ্যোগ ইতিমধ্যেই আশপাশের এলাকায় ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।
পরিবেশ রক্ষায় এমন উদ্যোগই আগামী দিনে আরও মানুষের অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন অনেকে।
ছবি: কাজল বসাক

Be the first to comment